পর্যটন শিল্পকে এগিয়ে নিতে পরিচিত স্পটের পাশাপাশি অপরিচিত স্থানগুলোর প্রচার ও প্রচারণা দরকার বলে মত দিয়েছেন দেশের পর্যটন সংশ্লিষ্টরা।
এছাড়া দেশি ও বিদেশি পর্যটকদের নিরাপত্তা বিষয়েও যথেষ্ট গুরুত্ব দেয়া উচিত বলেও মত তাদের। অন্যদিকে বিশেষ পর্যটন স্পট নির্মাণসহ ২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী।
চির সবুজের দেশে মেঘের সাথে ভেসে ভেসে এমন সৌন্দর্য হাতছানি দিয়ে কাছে টানবে যে কাউকে। বলছি পাহাড় ঘেরা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির কথা। যেখানে সবুজ পাহাড়, আঁকাবাঁকা পথ আর ঝরনার সাথে মিলেমিশে প্রকৃতির দৃষ্টি চোখ মেলে আছে চারদিকে।
পাহাড় ছেড়ে সমতলে এলেও চোখ জুড়ানো দৃশ্যের ঘাটতি নেই ৫৬ হাজার বর্গমাইলের এই ছোট্ট দেশে। সিলেটের বিছনাকান্দি, রাতারকুল কিংবা এরকম একটি ঝরনার দৃশ্যই যথেষ্ট মনকে প্রশান্তির সাগরে ভাসিয়ে দিতে। শুধু মাত্র প্রাকৃতিক দৃশ্যই নয় স্থানীয় জনগণের জীবন বৈচিত্রও এখন অনেক বেশি আকর্ষণীয় বিভিন্ন দেশের পর্যটকদের কাছে।
আর তাই জীবন বৈচিত্র্যে ভরপুর এই দেশ হতে পারে বিশ্বের অন্যতম পর্যটন প্রধান দেশ। এমনটাই মত দেশের বিভিন্ন ট্যুর অপারেটরদের।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি তৌফিক উদ্দীন আহমেদ বলেন,'বিচ থাকবে পরিষ্কার। আমরা এ দিকে এতোটা লক্ষ্য করি না। কিন্তু বিদেশিরা এটা নিয়ে আমাদের বলে। টুরিস্ট পুলিশের সংখ্যাও বাড়াতে হবে।'
পর্যটকদের নিরাপত্তা বাড়ানসহ স্থায়ীয় জনগোষ্ঠীকে পর্যটনের সাথে সম্পৃক্ত করেত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। আর এই কর্ম পরিকল্পনার অগ্রগতির বিষয়ে কথা বলেছেন পর্যটন মন্ত্রী।
পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন,'টেকনাফে আমরা বিশেষ টুরিস্ট জোন গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আমরা পর্যটন এলাকাগুলোতে পৌঁছানোর জন্য এর অবকাঠামোর উন্নয়ন করার চেস্টা করছি। আর আমরা ২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করেছি।'
শুধুমাত্র বিশেষ দিবসকে ঘিরে কিংবা কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে দেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি বলেই মত পর্যটন সংশ্লিষ্টদের।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





