জেলার গোবিন্দগঞ্জে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।

রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচরে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি দিনাজপুর জেলা সদরের নওলায়। তিনি ওই এলাকার আবদুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সয়াবিন তেলবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৪৪৫৯) দিনাজপুর যাচ্ছিল। ট্রাকটি গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় পৌঁছলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথরবোঝাই অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৪-১১২৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তেলবাহী ট্রাকের চালক জাহাঙ্গীর আলম নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় অপর ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেলেও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

এমকে