বেলুন, পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলীয় পতাকা উত্তলন করেন কৃষকদলের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।
শুক্রবার কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের আশপাশের এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্মিলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন টানানো হয়েছে।
ব্যান পার্টির তালে তালে মিছিল নিয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদলের ডেলিগেটরা সম্মেলন কক্ষে প্রবেশ করছেন। এর পর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মাদ নেছাররুল হকের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আলোচনার অধিবেশন শুরু হয়।
মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষকদলের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নাজিম উদ্দিন মাস্টার, আরিফুল হক চৌধুরী, একে এম মোয়াজ্জেম হোসেন ও মাইনুল ইসলাম প্রমুখ।
এমআর





