দেশের কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সহিবর রহমান (৩৭) নামের ১ ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের মৃত ইশার উদ্দিনের ছেলে নিহত সহিবর রহমান।
ঘটনার বিবরণে জানা যায়, ৩ সেপ্টেম্বর (শনিবার) ভোর রাতে উপজেলার কাউনিয়ারচর সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৫৪-৫৫-এর পাশে মাছ ধরতে গেলে ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।
এ সময় সহিবর রহমানের বুকে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে আনার সময় পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ( ২ সেপ্টেম্বর ) দিবাগত ভোর রাতে ভারতীয় সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের কাছে গিয়ে মাছ ধরার জন্য গেলে বিএসএফ টের পেয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে সেখানেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় তাকে উদ্ধার করে কাউনিয়ারচর গ্রামের বশির আলীর বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের শ্বশুর বাড়ি থেকে তার লাশ নিয়ে যায় রৌমারি থানা পুলিশ।
এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু সাইদ বলেন, গুলিবিদ্ধ সহিবরের লাশ শশুর বাড়ি থেকে পুলিশ নিয়ে গেছে। তবে নিহত ব্যক্তি কী কারণে সীমান্তে গিয়েছে তা আমার জানা নেই।
জামালপুর ৩৫ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মুনতাসির মামুন বলেন, দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলদল ওই সময় বাইরে ছিল।
তখন আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪/৫৫-এর কাছের এলাকায় গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় টহলদল ঘটনাস্থলে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে লোক মুখে জানতে পারি সহিবর রহমান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।
এ ব্যাপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, নিহতের পরিবারের দাবি- তারা সীমান্তে মাছ ধরার জন্য গিয়েছিল।
এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
এইচএন





