রাজধানীর হাতিরঝিল থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। উদ্ধারকৃত যুবকের নামমোহাম্মদদেলায়ারহোসেন (৩০) বলে জানা যায়।
রোববার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৩ তাকে উদ্ধার করে। দেলায়ার হোসেন পেশায় সেলুন ব্যবসায়ী। তিনি গত মঙ্গলবার অপহৃত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৩’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ জহির বলেন, প্রতিদিনের মতো আমরা আমাদের টিম নিয়ে টহল দিচ্ছিলাম। আমাদের গাড়ি হাতিরঝিলে পৌঁছালে চলন্ত সাদা একটি মাইক্রোবাস থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
তিনি বলেন, ঘটনা বুঝে ওঠার আগেই মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যায়। গাড়িটিকে আটক করতে না পারলেও আমরা ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেনকে উদ্ধার করি। পরবর্তীতে দেলায়ার হোসেনের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি কামরাঙ্গীর চর থেকে ১৭ মার্চ অপহৃত হয়েছিলেন। এখন আমরা তাকে কামরাঙ্গীর চর থানায় হস্তান্তর করতে যাচ্ছি।
এ বিষয়ে দেলোয়ার হোসেন জানান, গত ১৭ মার্চ রাত ১১টার দিকে এলাকার কয়েকজন সন্ত্রাসী তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।
কেন তাকে অপহরণ করা হয় জানতে চাইলে তিনি বলেন, এলাকার কিছু সন্ত্রাসী আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। হয় তো চাঁদা না পেয়েই তারা এ কাজ করেছে।
দেলোয়ার হোসেন অপহৃত হওয়ার পর তার পরিবার কামরাঙ্গীর চর থানায় একটি অপহরণ মামলা করে।
এসএইচ





