সিলেট-ঢাকা রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
বিমানের অনেক উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অনেক নতুন বিমান বহরে যুক্ত হয়েছে। যে কারণে আমরা ভাল সেবা পাবো।
সোমবার বেলা ৩টায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, ফ্লাই দুবাই নিয়ে অভিযোগ এসেছে। এটা খতিয়ে দেখা হবে। এছাড়া অনেকগুলো প্রস্তাবনাও এসেছে এগুলো বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সারাদেশে অভ্যন্তরীন ফ্লাইট ৭টি এয়াপোর্টে বিমান চলাচলের উদ্বোধন করা হয়েছে। সিলেট-লন্ডন কার্গো সার্ভিস শিগগিরই চালু করা হবে।
রশেদ খান মেনন বলেন, ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ জন্য জাতীয় পর্যায়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া ফ্লাই দুবাই’র অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদ উস সামাদ চৌধুরী ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রকিন উদ্দিন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
জেআই





