রাঙ্গামাটি জেলার সাজেকের রেতকাটাছড়া নামক এলাকায় স্থানীয় জনগণ থেকে আদায়কৃত চাঁদার টাকাসহ পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)'র তিন নেতাকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলো, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)'র রাঙ্গামাটি জেলা শাখার সহ সাধারণ-সম্পাদক রিপন আলো চাকমা(২৫), তথ্য প্রচার সম্পাদক সুমন চাকমা(২১), সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা(১৮)।

আটককৃত রিপন আলো চাকমা নানিয়ারছড় বাকছড়ি মুখ গ্রামের হরিহর চাকমার ছেলে, সুমন চাকমা বাঘাইছড়ির ঝগড়াবিল গ্রামের বিজয় সেন কার্বারীর ছেলে, রুপায়ন চাকমা সাজেকের এ্যাকুজ্যাছড়ি রামুছড়া গ্রামের চন্দ্রজয় চাকমার ছেলে বলে জানা গেছে।

এসময় তাদের কাছে থেকে চাঁদা আদায়কৃত নগদ ৩৩,৩৩৬ (তেত্রিশ হাজার তিনশত ছত্রিশ) টাকা, ৪টি মোবাইল, ৫টি ব্যাগ, সামরিক বাহিনীর ২টি প্যান্ট, ১টি দেশীয় অস্ত্র(ছুরি), চাঁদার রশিদ বই ৭টি ও গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, অাটককৃতরা এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে রেতকাটা ছড়ার একটি ঘরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার বলেন, পিসিপি’র আটককৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আবুবকর/জারিফ