কক্সবাজার শহরের বাঁকখালী নদী ও নাজিরারটেক সংলগ্ন বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকা থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ১৩ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় একটি ট্রলারসহ আটক করা হয়েছে ৩ দালালকে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক দালালরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ আরিফ (৩০), আবু তাহেরের ছেলে হুমায়ুন কবির (২৮) ও মহেশখালী উপজেলার আমির হোসেনের ছেলে ফেরদৌস মিয়া (৩০)।
আটক যাত্রীরা নরসিংদী, ঝিনাইদহ, সাতক্ষীরা ও কক্সবাজার জেলার বাসিন্দা।
কক্সবাজারের নুনিয়ার ছড়ার কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যাত্রীদের তাদের অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে। এছাড়া আটক দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরও থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





