শনিবার (২৯ আগস্ট) থেকে এই রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব (কুয়েত) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে এতদিন কুয়েত রুটে বিমানের ফ্লাইট বন্ধ ছিল। শনিবার থেকে পুনরায় এ রুটে ফ্লাইট চালু করা হয়েছে।

কুয়েত-ঢাকা রুটে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে তুলনামূলক কম ভাড়ায় বিভিন্ন ধরনের ফেয়ার চালু করা হয়েছে বলেও জানান এ কে এম ফরহাদ।

তিনি বলেন, প্রবাসীদের কথা বিবেচনা করেই এই রুটে সবচেয়ে কম মূল্যে বিভিন্ন ফেয়ার চালু করা হয়েছে।

একই সঙ্গে দেশের রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান জানান তিনি।

কুয়েত থেকে ঢাকায় সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসীরা বলছেন, ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত-ঢাকা রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসতে পারে। একই সঙ্গে যাত্রীদের সময় ও ভোগান্তিও কমবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েত-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

প্রায় ছয় মাস পর পুনরায় নিয়মিত ফ্লাইট চালু হওয়ায় কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের দেশে যাতায়াত আরও সহজ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এস