চট্টগ্রাম মহানগরীর রেলস্টেশন এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও ৮১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

এ সময় দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) উদ্ধার করা এসব মাদক দ্রব্যের আনুমানিক মূল্য পৌনে ৩ কোটি টাকা বলে জানিযেছে র‌্যাব-৭।

আটক ৩ মাদকব্যবসায়ী হলো- মিম আক্তার (২১), তানিয়া আক্তার (১৯) ও মোঃ নিজাম উদ্দিন খান (৪৯)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানান, গোপন খবরের ভিত্তিতে মেজর এস এম সুদীপ্ত শাহীনের নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি টিম প্রথমে সোমবার বেলা ১২টার দিকে নগরীর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা এবং নগদ দুই হাজার টাকাসহ দুই নারীকে গ্রেফতার করে।

এ সময় তারা ইয়াবা বেচা-কেনাতে লিপ্ত ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাকির নামে আরেকজন আসামী সুকৌশলে পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃত নারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকালে নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার গোয়াল পাড়ায় অভিযান পরিচালনা করে ৮১৫ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন খান (৪৯) গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সোমবার রাতে কোতোয়ালী থানায় মামলা দায়ের এবং উদ্ধার করা মাদকসহ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমএনজে