চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বটিয়া পাড়ায় চরমপন্থী দলের সদস্য টোকন ওরফে কায়ায় (৪২)কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বটিয়া পাড়া বটতলায় এ ঘটনা ঘটে।
নিহত টোকন দামুড়হুদা উপজেলার কলাবাড়ি খাল পাড়া গ্রামের মসলেম মিস্ত্রীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি খালপাড়া গ্রাম থেকে চরমপন্থী দলের সদস্য ও একাধিক মামলার আসামি টোকন ওরফে কায়ায়কে দুর্বৃত্তরা ধরে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলায় বটিয়া পাড়া গ্রামের বটতলায় নিয়ে গলা কেটে হত্যা করে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা মসলেম মিস্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে খুন হতে হয়েছে।
পাচঁ কমলাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত টোকন ওরফে কায়ায় চরমপন্থীদলের সক্রীয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে দলীয় কোন্দলের জের ধরে তাকে খুন করা হতে পারে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





