চতুর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও সড়কপথে উপ-আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশে নিযুক্ত ভারত, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন।

ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এসময় সাংবাদিকদের বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হলে আগামী ১৫ থেকে ১৮ মাসের মধ্যে ইমিগ্রেশন চেকপোস্ট চালু করা সম্ভব হবে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ভাষা ও সংস্কৃতিতে মিল রয়েছে। ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে অপার সম্ভাবনা। ইতোমধ্যে আমরা কয়েকটি স্থলবন্দর পরিদর্শন করেছি। আন্তঃবাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সঙ্গে আঞ্চলিক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতেই এ সফর।

তিনি আরও বলেন, স্থলবন্দরের অবকাঠামো, পণ্য আমদানি-রফতানি, ইমিগ্রেশন চেকপোস্ট, সমস্যা-সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় সরেজমিন দেখেছেন। এসব বিষয় চতুর্দেশীয় নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে এই তিন রাষ্ট্রদূত লালমনিরহাটের বুড়িমারী, ভুটানের ফুয়েন্টসলিং, নেপালের কাকরভিটা স্থলবন্দর পরিদর্শন করেন।

৮ সদস্যের প্রতিনিধিদলে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ ছাড়াও নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠ, ভুটানের রাষ্ট্রদূত ওম পেমা চোডেন রয়েছেন।

জেআই