নোয়াখালীতে শিউলি আক্তার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হাছান (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার বেলা ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দরফপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শিউলি আক্তার লিলি (২৯) দরফপুর গ্রামের কলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির আব্বাস উদ্দিনের স্ত্রী। আটককৃত মো. হাছান একই বাড়ির জালাল আহমদের ছেলে ও নিহত শিউলির দেবর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিএনজি অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যান নিহত শিউলির স্বামী আব্বাস। বেলা ১২টার দিকে আব্বাসের ঘর থেকে চিৎকার শুনেবাড়ির লোকজন এগিয়ে গিয়ে দেখে হাছান তার ভাবি শিউলিকে গলা কেটে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা হাছানকে আটক করে পুলিশে খবর দেয়। তবে কী কারণে শিউলিকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আটক হাছানকে থানায় আনা হয়েছে।
কেএইচ





