দিনাজপুরের হিলিতে ২২ হাজার ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট র‌্যাব-পাঁচ এর সদস্যরা।

বুধবার (১৫ জুন) ভোরে হিলির চুড়িপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের জিলাপিপট্টি এলাকার আনোয়ার হোসেন (৩৬) ও চুড়িপট্টি এলাকার রবিউল ইসলামের স্ত্রী রানি বেগম (২৪)।

জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চুড়িপট্টি এলাকার ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১১ হাজার ৫১০ পিস ইয়াবা এবং দুই লাখ ৯৪ হাজার ৩৭৫ টাকাসহ বাড়ির ফজলুর রহমানের মেয়ের জামাই আনোয়ার হোসেনকে আটক করা হয়।

পরে আনোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী সকালে আবারও ওই বাড়ির রবিউলের ঘরে তল্লাশি চালানো হয়। এসময় ১১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রবিউলের স্ত্রী রানি বেগমকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে আনোয়ার ও রানিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই মামলায় রবিউল ইসলামকে পলাতক আসামি করা হয়েছে বলেও জানান মেজর মো. হাসান আরাফাত।

এমআর