রাজধানীর কল্যাণপুরে অবস্থিত মিজান টাওয়ার হেলে পড়ার গুজবে ওই ভবনের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কল্যাণপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান,কল্যাণপুরে মিজান টাওয়ার হেলে পড়েছে, এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছে দেখা যায়,কোনো ভবন হেলে পড়েনি। ওই ভবনের নিচতলায় কসমেটিকসের দোকানের পাশে ম্যানহোলের সঙ্গে গ্যাসের পাইপলাইনের সংযোগ রয়েছে। হঠাৎ করেই সেই গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৩ ব্যক্তি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমীন জানান, মিজান টাওয়ার হেলেও পড়েনি, আগুনও লাগেনি। অভ্যন্তরীণ গ্যাসের সিলিন্ডারে বিষ্ফোরণের ফলে তাড়াহুড়ো করে নামার সময় দু-চারজন কর্মচারী আহত হয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান,ভবনটির নিচ তলার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো ভবন ঘিরে রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত এ অবস্থায় থাকবে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিনকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। তবে থানার ডিউটি অফিসার মোরশেদা আক্তার বলেন,শুনেছি,মিজান টাওয়ারটি হেলে পড়েছে। আর এমন খবর পেয়ে থানার পুরো টিম ঘটনাস্থলে চলে গেছে।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]