যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ওই বাস যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হালদার জানান, বরগুনা জেলার আমতলী থেকে গ্রামীণ পরিবহনের একটি বাস ৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। পরে বাসটি রেকার দিয়ে উঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

১৫ জনকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবচিম) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সুমন।

জেএ