ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোটের চার ঘণ্টার পরিবেশে সন্তুষ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

চার নির্বাচন কমিশনার মঙ্গলবার সকাল থেকে বিভাগ ওয়ারি ইউপি’র খোঁজ খবর নিয়েছেন। এ পর্যন্ত অন্তত ১৬টি ভোট কেন্দ্র স্থগিত হয়েছে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সবখানে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।
দিন শেষে ভোটার উপস্থিতিও ৬০ শতাংশের বেশি হতে পারে বলে মনে করেন তিনি।

সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে ৭১৭টি ইউপিতে। বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।


বেলা ১২ টায় নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, ‘ভোটের আগে প্রচারণাকে কেন্দ্র করে যেমন শঙ্কার কথা বলা হয়েছে, আসলে ততটা হয়নি।

প্রথম চার ঘণ্টার পরিবেশে আমাদের কাছে ভালো পরিবেশে ভোট হচ্ছে বলে খবর পেয়েছি। সবখানে ঠিক মতো ভোট চলছে।’


তিনি জানান, ইউপি নির্বাচনে সব সময় উত্তেজনা বিরাজ করে। তৃণমূলের এ ভোটে উপস্থিতিও ভালো হয়। নারী ভোটারের উপস্থিতি বেশি রয়েছে বলে জানা গেছে।


এসএম