মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে পুলিশি হেফাজত থেকে পালিয়ে গিয়েছে লাবলু মন্ডল নামে ছিনতাই মামলার এক আসামি। ওই আসামির হাতে হাতকড়া পরানো ছিল। কিন্তু কখন তা খুলে সে পালিয়েছে, তা টেরও পায়নি পুলিশ।

এ বিষয়ে এএসপি শাহিনুল আলম খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়।

পুলিশ জানায়, পাটুরিয়া ফেরিঘাটে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয় লাবলু মন্ডলকে। আজ সোমবার দুপুরে লাবলু মন্ডলসহ ১২ জন আসামিকে চারজন পুলিশ সদস্য গারদখানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যান। এ সময় লাবলু মন্ডল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।

পলাতক লাবলু রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উমরগাজি গ্রামের মৃত হামিদ মন্ডলের ছেলে।

মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া আসামিকে খুঁজতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এমকে