মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকাসহ দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পর্শকাতর স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বুধবার রায় ঘোষণাকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যা থেকে ট্রাইব্যুনাল এলাকায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে তৎপর রয়েছে পুলিশ। বেশ কিছু চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, রয়েছে অতিরিক্ত টহল পুলিশ। সোয়াত বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা মাঠে রয়েছেন। রাজধানীতে সক্রিয় রয়েছে র‌্যাবের একাধিক টিম।

সরেজমিন দেখা যায়, সন্ধ্যার পর থেকে ট্রাইব্যুনালের আশপাশে প্রেসক্লাব, দোয়েল চত্বর, শিশু একাডেমিসহ সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। মৎস্য ভবন থেকে পল্টন মোড় পর্যন্ত একদিকের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এসব এলাকায় সন্দেহ হলে সাধারণ যাত্রীদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর থেকে ট্রাইব্যুনালের সবগুলো প্রবেশপথ, আশপাশের সব সড়ক ও পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। রাত থেকে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পর্যবেক্ষণ করা হবে, কোথাও কোনো নাশকতা চালানো হয় কি-না।

রাজধানীর নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ট্রাইব্যুনাল এলাকাসহ সবখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা টাইমনিউজবিডিকে জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৭ টার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। এর আগেও বিভিন্ন ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছিল।

২০১৩ সালের নভেম্বরে মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার কার্য্ক্রম শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এরপর তিনবার এ রায় ঘোষণা করার তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয। চতুর্থবারের মতো বুধবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

জেইউ, জেআই