মিরপুরের বিহারি পল্লীতে বর্বর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে উর্দূ স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেমন মুভমেন্ট।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিরপুরে বিহারি ক্যাম্পে পরিকল্পিত হামলার প্রতিবাদে উর্দূ স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেমন মুভমেন্ট আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে মানুষদের আগুনে পুড়িয়ে মারা হলো আবার তাদের লোকদেরই পুলিশের গুলিতে কেন মরতে হল। এই ঘটনার পিছনে কে রয়েছে তা তদন্ত করে অতি শিগগির খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, বিহারি পল্লীতে নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবিলম্বে স্থানীয় সংসদ সদস্য ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মান্না বলেন, শবে-বরাতের রাতে মিরপুরের কালশীর বিহারি পল্লীতে যে নৃশংসতার ঘটনা ঘটেছে তা নারায়ণগঞ্জের বর্বরতার চেয়ে কম নয়। মিডিয়ায় প্রাথমিক ভাবে বলা হয় আতশবাজিকে কেন্দ্র করে বিহারি পল্লীতে সংঘর্ষ হয়েছে। কিন্তু একটি পরিবারের ৯টি লোককে তালাবদ্ধ করে পুড়িয়ে মারার ঘটনা আতশবাজির জন্য ঘটতে পারে না।

তিনি বলেন, বিহারিদের নতুন প্রজন্ম জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। কিন্তু আজ পর্যন্ত তারা এদেশের পাসপোর্ট পাচ্ছেন না।

আওয়ামী লীগের সমালোচনা করে মান্না বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ।

উর্দূ স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেমন মুভমেন্ট এর সভাপতি সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দিলারা চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, সাংবাদিক আবু সাইদ খান প্রমুখ।

ঢাকা, এমএইচ, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ