দেশে কূটনীতিক জোন, কূটনীতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা বাড়াতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে। এ সংক্রান্ত টাস্ক ফোর্সের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে কূটনীতিক মিশনগুলোর পাশাপাশি ঢাকায় যেসব আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন কাজ করছে সেগুলোর ভবন ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কেমন হতে যাচ্ছে সে নিরাপত্তা ব্যবস্থা তা সুনির্দিষ্ট করা হয়নি।

বৈঠকটি বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে সম্পন্ন হয়। সূত্র জানায়, টাস্কফোর্সের সদস্যরা এরইমধ্যে কূটনৈতিক জোনে নজরদারি ও পুলিশ প্রহরার যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন।



পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ সম্পর্ক বিভাগ, পুলিশ, সশস্ত্রবাহিনী বিভাগ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

 

ওই বৈঠকের পরপরই পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর পিয়েরে মায়াউডনের সঙ্গে বৈঠক করেন। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক একটি প্রতিনিধি দল এমাসেই আর ব্রাসেলস থেকে একটি বানিজ্যিক প্রতিনিধি দল এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ ভ্রমণের কথা রয়েছে।

 

উল্লেখ্য জেনেভা কনভেনশনের আওতায় প্রতিটি দেশই সেখানে অবস্থানরত কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এমবিএইচ