সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আহসান হাবিবের পরিচালনায় রোববার (১৪ জুলাই) বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন: যে ৪ স্থানে এরশাদের জানাজা
সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয়, বেলা সাড়ে ১১টায় কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে রাখা হবে। এবং বাদ আছর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। রাতে হিমঘরে তার মরদেহ রাখা হবে। এরপর মঙ্গলবার (১৬ জুলাই) হেলিকপ্টারে করে এরশাদের মরদেহ নেওয়া হবে রংপুরে। রংপুরে জানাজা শেষে সামরিক কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।
রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এসএম





