সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সেলিম ​চিঠির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

মেয়র তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ৩০ ডিসেম্বর সাতক্ষীরা পৌর নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালের ২১ এপ্রিল ও একই বছর ১ ডিসেম্বর পৃথক দুইটি মামলায় আদালতে তাজকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়েছে। ফলে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী তাঁকে বরখাস্ত করা হলো।

জানতে চাইলে আজ বৃহস্পতিবার তাজকিন আহমেদ বলেন, তিনি সাময়িক বরখাস্তের কথা শুনেছেন। তবে এ–সংক্রান্ত কোনো চিঠি এখনো হাতে পাননি। তাঁর বরখাস্তের ব্যাপারে নিজের দলের কিছু ব্যক্তির ষড়যন্ত্রের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এমআর