নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক স্বামী সঞ্জয় চন্দ্র দেবনাথসহ তিন জনকে আটক করেছে।

শনিবার ভোর রাতে ইউনিয়নের শিবচরণ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়নে শিবচরণ গ্রামের রতন চন্দ্র দেবনাথের স্ত্রী লাকী রানী দেবনাথ (২২) ও শিশুপুত্র হরিসেন চন্দ্র দেবনাথ (০২)।

স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই প্রায় রতন ও লাকীর মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে দাম্পত্ব কলহ লেগে থাকতো। শুক্রবার রাতে তাদের মধ্যে পুনরায় দাম্পত্য কলহের জের ধরে ঝড়গা হয়।

এরই এক পর্যায়ে স্বামী রতন শনিবার ভোর রাতের কোনো এক সময় তার স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করে।

পরে দুই মৃতদেহ বাড়ির পেছনের লুকিয়ে রাখতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘাতক রতনসহ তার দুই সহযোগীকে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ২ জনকে আটক করেছে পুলিশ।

এমই/এমকে