ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলায় বাহার মেম্বারের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে সিএনজি থেকে ২ আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে পুলিশের সাথে সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে বাহার মেম্বার গুলিবিদ্ধ এবং ৫ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলার সাগরিয়া বাজার থেকে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রফিক উল্লাহ ও জুয়েলকে গ্রেফতার করে হাতিয়া থানার নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসার সামনে আসলে বাহার মেম্বারের নেতৃত্বে এক দল সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালিয়ে সিএনজি থেকে শর্টগান ও ২ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা চালায়।
এ সময় পুলিশ ৩৫ রাউন্ড গুলি চালায়। সন্ত্রাসীরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ আসামি নিয়ে থানায় চলে যায়।
হাতিয়া থানার ওসি আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের কাছ থেকে আসামি ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্ঠার ঘটনায় থানায় মামলা হয়েছে।
এসএম





