পুলিশ বাহিনীতে যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। 'পুলিশ জনতা ভাই ভাই' এই শ্লোগানে বিশ্বাসী হয়ে দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে।
মঙ্গলবার সকাল ৯টায় ডিএমপির সদর দফতরের ফটকে ধুমপানবিরোধী র্যালির উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, 'পুলিশের মধ্যে কেউ যদি দুর্বৃত্তায়ন করতে চায় তাদের ধরে আইনের আওতায় আনা হবে। গতকাল মৎস্য ভবন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কঠোর শাস্তির জন্য সুপারিশ করা হবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।'
অপর এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, 'ভারতে যেসব ঘটনা ঘটছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেখানে যা কিছু হচ্ছে তা আমরা পর্যবেক্ষণ করছি। দেশের জন্য যা কিছু করা দরকার তা-ই করা হবে এবং তা এখন করছি।'
তিনি আরও বলেন, 'ফুলের সৌরভ নিন, ধূমপান, মাদক ও সন্ত্রাস ছেড়ে দিন' এই শ্লোগান সামনে রেখে অনেক আগে থেকেই ধুমপানবিরোধী কার্যক্রম বাস্তবায়নে কাজ করে আসছে ডিএমপি। শুধুমাত্র আইন প্রয়োগ করে ধুমপান বন্ধ করা যাবে না। সবাইকে সচেতন হয়ে ধুমপানবিরোধী প্রচারাভিযান চালাতে হবে। সবার মতো দেশের জন্য সব ভালো কাজে পুলিশও থাকতে চায়।'
র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে 'আমরা ধূমপান করি না' শিরোনামে একটি গান প্রথম গাওয়া হয়।
কেএইচ





