দেশের ইতিহাস-ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় সৃষ্টিশীল টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
রাজধানীর দারুস সালামে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর একবছর মেয়াদি টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা (ডিপ্লোমা) কোর্সের পাঠ্যসূচি পরিমার্জন ও মান উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় রোববার এই মন্তব্য করেন তথ্যসচিব।
বিশ্বায়নের যুগোপযোগী টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে মরতুজা আহমদ বলেন, বিষয় নির্ধারণে লক্ষ্য রাখতে হবে যাতে অনুষ্ঠান প্রযোজকরা দূরদৃষ্টির অধিকারী হন, স্বপ্ন দেখতে সমর্থ হন। একইসঙ্গে অনুষ্ঠান পরিকল্পনা, অর্থায়ন, নির্মাণ, সম্পাদনা ও বিপণনসহ সকল বিষয়ে প্রযোজকদের জ্ঞান থাকা প্রয়োজন।
তথ্যসচিব সম্প্রচার কার্যক্রমে ভাষা ও ব্যাকরণের শুদ্ধতা বজায় রাখতে যত্নবান হতে সকলকে আহ্বান জানান।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কোর্সের পরিচালক ম. হামিদ। কোর্স সমন্বয়ক মোহাম্মদ আবু সাদেক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
কেএইচ





