কক্সবাজারের টেকনাফের লেদা আনরেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ অভিযুক্ত মো. আলমগীর হোসেনকে (৪৮) আটক করেছে। সে নওগাঁ সদর উপজেলার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে লেদা আনরেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শিশুটিকে ওষুধের জন্য হারবাল চিকিৎসক আলমগীর হোসেনের কাছে পাঠালে সে দোকানের পিছনের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ও ধর্ষককে গনপিটুনি দেয়।
খবর পেয়ে বেলা ৩টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা সন্ধ্যায় মামলা করেছেন।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আতিকুল্লাহ জানান, গ্রেফতারকৃত আলমগীর হোসেনকে আদালতে পাঠানো হবে। শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীদের ওপর যৌন নির্যাতনের সঙ্গে জড়িত থাকার দায়ে স্থানীয় অনেক প্রভাবশালী বখাটেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোহিঙ্গা নারীদের সব ধরনের নিরাপত্তা প্রদানের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেও বার বার তাগিদ দেয়া হচ্ছে।
কেবি





