রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় সুভা আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের বাবার নাম সোহরাব আলী। তারা জুরাইন মিষ্টির দোকান গলি নামক স্থানের খোরশেদের বাড়িতে ভাড়া থাকে।
তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরের চরভদ্রা নতুনবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুভা মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে জুরাইন মিষ্টির দোকানের পাশ দিয়ে যাবার সময় ৪জন যুবক তাকে উত্ত্যক্ত করে। এরপরই সে বাসায় গিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কদমতলী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রতন, আলামিন, মিঠুন ও শাওলিন নামে ৪ যুবক তাকে উত্ত্যক্ত করছিল। মাসুদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]