ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের আশ্বাস পাওয়ার পর ভারতে রেসিডেন্ট ভিসা পাওয়া নিয়ে আশাবাদী কথাসাহিত্যিক তসলিমা নাসরিন৷ জীবনের শেষদিনগুলো ভারতের মাটিতেই কাটাতে চান তিনি৷ কিন্তু দেশে ফেরার ডাক পেলে কি পদ্মা পাড়ে জাহাজ ভেড়াবেন তিনি? এর উত্তরে তসলিমার স্পষ্ট বক্তব্য, অনুমতি পেলেও বাংলাদেশে ফিরতে চাই না৷ বরং ভারতেই থেকে যেতে চাই বাকি জীবন৷তিনি জানান, এই ভারত তার দ্বিতীয় ঘর৷

বুধবার একটি সাক্ষাতকারে এই তসলিমা নাসরিন বলেন, ‘আমি ভারতেই থাকতে চাই৷ ভারত ছেড়ে কোথায় আর যাব৷ আমি আমেরিকার স্থায়ী বাসিন্দা৷ কিন্তু তা সত্ত্বেও ভারতকে বেছে নিয়েছি সংস্কৃতির টানে৷ আজ বাংলাদেশ আমাকে ভিটেতে ফেরার অনুমতি দিলেও, আমি বাকি জীবনটা ভারতেই কাটাতে চাইব৷’

তিনি আরও বলেন, গত ২০ বছরে বাংলাদেশের চেয়ে অনেক বেশি বন্ধু হয়েছে এই দেশে৷ যারা আমার ভাষাকে বুঝেছে৷ তিনি জানান, এমন বন্ধু বা আত্মীয় তিনি চান না, যারা তার আবেগের মূল্য দেয় না৷

তিনি আরও জানান, দেশ থেকে বিতাড়িত হওয়ার পর বাংলাদেশের কোনো প্রকাশক বা বুদ্ধিজীবী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি৷ তাই ওপার বাংলার (বাংলাদেশ) সঙ্গে সম্পর্ক এক প্রকার ছিন্ন হয়ে গিয়েছে তার৷ ৫১ বছরের এই লেখিকাকে দীর্ঘমেয়াদী রেসিডেন্ট পারমিট দেয়ার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷ সেই আশায় ভর করেই ভারতে থাকার স্বপ্ন বুনছেন এই নারীবাদী লেখিকা।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই