প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধের প্রায় দেড় মাস পর আগামী ০৮ মে থেকে সীমিত পরিসরে শুধু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে।

শনিবার (০২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোকাব্বির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া আরও তিনটি বেসরকারি বিমান সংস্থা। এগুলো হলো ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স’, ‘নভোএয়ার’ এবং ‘রিজেন্ট এয়ারওয়েজ’।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, অভ্যন্তরীণ রুটে ০৮ মে থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে। কম সংখ্যক ফ্লাইট চলবে। এছাড়া প্রতিটি ফ্লাইটে ধারণক্ষমতার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী বহন করা যাবে।

দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২১ মার্চ রাত ১২টা থেকে প্রথমে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ। পরে আন্তর্জাতিক সব বিমান চলাচল বন্ধের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।

এমবি