পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। এরই মধ্যে অগ্রিম টিকিটের জন্য গতকাল বৃহস্পতিবার রাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে গেছেন।
কমলাপুর রেল স্টেশন মাস্টার নৃপেন্দ্র চন্দ্র সাহা বৃহস্পতিবার জানান, ঈদ উপলক্ষে ৫ দিনের অগ্রিম টিকিট দেয়া হবে। আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেয়া হবে ১ অক্টোবরের টিকিট।
২৭ সেপ্টেম্বর দেয়া হবে ২ অক্টোবরের, ২৮ সেপ্টেম্বর দেয়া হবে ৩ অক্টোবরের, ২৯ সেপ্টেম্বর দেয়া হবে ৪ অক্টোবরের, ৩০ সেপ্টেম্বর দেয়া হবে ৫ অক্টোবরের টিকিট।
এ ছাড়াও পার্বতীপুর, খুলনা এবং দেওয়ানগঞ্জ রোডে থাকছে ঈদ স্পেশাল ট্রেন। এগুলো ছাড়া হবে ৩ থেকে ৫ অক্টোবরের মধ্যে। ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকিট।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৬ অক্টোবর উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। অন্যদিকে ৪ অক্টোবর পালিত হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিজয়া দশমী।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকেট বিক্রি হবে বলেও জানান তিনি।
অন্যান্য সময়ের মতো এবারো একজন চারটির বেশি অগ্রিম টিকিট কিনতে পারবে না বলে জানানো হয়েছে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





