দেশে সাক্ষরতার হার নিয়ে একই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন দুই রকম তথ্য দিয়েছেন।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণশিক্ষা মন্ত্রী জানান, ১৫ থেকে ৪৫ বছর বয়সী মানুষের সাক্ষরতার হার ৬৫ শতাংশ।সচিব বলেন, সাক্ষরতার হার প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। পরে মন্ত্রী বলেন,৬৫ আর ৭০ শতাংশ কাছাকাছি। ৭০ শতাংশ বললে মান কমবে নাবরং বাড়বে।
সর্বশেষ ২০১০ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর(বিবিএস) জরিপের তথ্য দিয়ে সংবাদ সম্মেলনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা জানান,ওই সময় দেশে সাক্ষরতার হার ছিল ৫৯ দশমিক ৮২ শতাংশ।
দেশে বর্তমানে আড়াই কোটি মানুষ সাক্ষরতার বাইরে আছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য দেশ থেকে নিরক্ষরতা দূর করা।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল হক খান ও জ্ঞানেন্দ্র কুমার বিশ্বাস, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক জহির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এসআর





