ইউনেস্কো ঘোষিত সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ শিকারের সুযোগ করে দেয়ার অভিযোগে চার বনরক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে বনবিভাগ।
বুধবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। বরখাস্ত করা ওই চার বনরক্ষীদের কর্মস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বরখাস্তকৃত বনরক্ষীরা হলেন- সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় কর্মরত বনরক্ষী সবুর মোল্লা, নৌকা চালক মো. আনিসুর রহমান, নাসির উদ্দিন হাওলাদার ও মো. মোশাররফ হোসেন।
সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ বলেন, গত ২৩ মার্চ ইউনেস্কোর তিন সদস্যের একটি প্রতিনিধি দল তিনদিনের জন্য সুন্দরবন পরিদর্শনে আসে। তারা সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শনের সময়ে কটকা অভয়ারণ্য এলাকায় কিছু জেলেকে মাছ শিকার করতে দেখে বিষ্ময় প্রকাশ করেন। ইউনেস্কো কর্তৃক সুন্দরবনের যেসব এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় সেসব এলাকায় বনবিভাগ মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ওই বনকর্মীরা তা জেনেও জেলেদের অবৈধভাবে মাছ শিকার করার সুযোগ করে দেয়ার অপরাধে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ইউনেস্কোর প্রতিনিধি দলে ছিলেন- ফ্রান্সের ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান ইউনিটের প্রকল্প কর্মকর্তা ফ্যানি এডোলফিন এম ডোভের, যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা প্রকৃতি সংরক্ষণ বিশেষজ্ঞ নওমি ক্লার এবং বিশ্ব ঐতিহ্যের পর্যবেক্ষণ কর্মকর্তা মিজুকি মুরাই।
এমই





