গাজীপুর সিটি করপোরেশন এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে গৃহকর্ত্রী আকলিমা বেগম (৫০) মারা গেছেন।
গতকাল শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।
সালনার কাথোরা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন বাসার গৃহকর্তা ও আকলিমার স্বামী ইয়াকুব আলীও (৬০)। তাঁর শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
তিনি আরো জানান, ইয়াকুবের শ্বশুর নুর মোহাম্মদ শেখ (৮০) ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বলেন, মহানগরীর সালনা কাথোরা মণ্ডলবাড়ি এলাকার একতলা একটি ভবনে ইয়াকুব আলী পরিবার নিয়ে বসবাস করেন। গত শুক্রবার রাতে ওই বাসার একটি কক্ষে ইয়াকুব ও তাঁর স্ত্রী আকলিমা এবং পাশের কক্ষে স্বপন ও তাঁর নানা নুর মোহাম্মদ ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে ঘরের দরজা-জানালা ভেঙে ছিটকে পড়ে এবং আগুন লেগে যায়।
অগ্নিকাণ্ডে ঘরের খাট, বিছানাপত্র, কাপড়-চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে বিকট শব্দ ও দ্বগ্ধ হওয়ার সঠিক কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. শরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ওই বাড়ির রান্নাঘর অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার গ্যাস লাইনের লিকেজ থেকে নির্গত হয়ে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে আটকা পড়ে। পরে বৈদ্যুতিক শর্টসর্কিটের কারণে জমাট থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জেড





