বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে তিনটি ফিশিং ট্রলারসহ গ্রেফতার ৪২ ভারতীয় জেলেকে মঙ্গলবার বিকালে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

তিনটি ফিশিং ট্রলারসহ গ্রেফতার ভারতীয় জেলেদের সকালে মংলা নৌঘাঁটি থেকে মংলা থানায় সোপর্দ করা হয়। মংলা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

মংলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে নিয়মিত টহল দেওয়ার সময় নৌবাহিনীর জাহাজ বিএনএস করতোয়া সোমবার সকালে বাগেরহাটের সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়ার কাছে তিনটি ভারতীয় ট্রলারকে ফিশিং করতে দেখে।

এ সময়ে অবৈধ্য অনুপ্রবেশকারী তিনটি ভারতীয় ফিশিং ট্রলারকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস করতোয়া চ্যালেঞ্জ করলে তারা পালাবার চেষ্টা করে। তখন অভিযান চালিয়ে ভারতীয় ৪২ জেলেসহ তিনটি ফিশিং ট্রলার গ্রেফতার করা হয়।

তিনটি ফিশিং ট্রলারসহ গ্রেফতার ৪২ ভারতীয় জেলেকে মঙ্গলবার সকালে বাগেরহাটের বিএনএস মংলা নৌঘাঁটির পক্ষ থেকে মংলা থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অপরাধে মামলা করে বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার এসব জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানান মংলা থানার ওসি।

কেএইচ