শরীরের বিভিন্ন স্থানে ফেনসিডিলের বোতল ফিট করে বেঁধে নিয়ে যাচ্ছিলেন মতিয়ার রহমান (৩০) নামে এক যুবক। কিন্তু শেষরক্ষা হলো না তার। আটকা পড়লেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে।

শুক্রবার সকালে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। মতিয়ার বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

যশোর ২৬ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার আইয়ুব আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক যুবক গাতিপাড়া গ্রাম থেকে শরীরের বিভিন্ন স্থানে ফেনসিডিল ফিট করে যশোরের উদ্দেশে রওনা দিয়েছে।

এ সময় ক্যাম্পের সামনে থেকে হাবিলদার জালালের নেতৃত্বে একদল বিজিবি তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার শরীর তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

আটক মতিয়ারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ব্যাপারে পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান আইয়ুব আলী।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ