ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত নবীনগর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

জানা গেছে, পৌরসভার ১১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। এখনো পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

তবে এই পৌরসভায় প্রথম নির্বাচন হলেও ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত নবীনগর পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ২৭০ জন। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৫শ ৯০ জন, নারী ১৫ হাজার ৬শ ৮০ জন।

এ নির্বাচনে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ৭৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যাক আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবি নিয়োজিত রয়েছে।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর