জমি দখল নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন-উপজেলার পাঠানটারী গ্রামের আনছার আলীর স্ত্রী আলেয়া বেগম (৬৫), আবুলের স্ত্রী আমেনা বেওয়া (৬০), নেছামুদ্দিনের স্ত্রী বছিরন বেওয়া (৬৫), আনছার আলীর ছেলে সালাম মিয়া (৩০), মোক্তার আলীর স্ত্রী মোহসেনা বেগম (৬০), সমছার আলীর স্ত্রী বুলবুলী বেগম (৪৫), আব্দুর রহমানের স্ত্রী জোবেদা বেগম (৬৫) ও আবেয়া বেগম (৫৫), মান্নানের স্ত্রী রহিমা বেগম (৪০) ও মালেকের ছেলে মাজেদুল ইসলাম (১৮)।
মোক্তার আলী জানান, তার পৈত্রিক সম্পত্তির ৭৭ শতাংশ জবর দখলের চেষ্টা করে আব্দুর রহমান গং। এ নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এর জের ধরে রাতে বাড়িতে কোনো পুরুষ না থাকায় আব্দুর রহমান গং লাঠিসোটা নিয়ে ওই জমিতে থাকা তার ঘর ভেঙ্গে নিয়ে যায়। এ সময় তার বাড়ির নারীরা বাঁধা দিতে গেলে তাদের রশি দিয়ে বেঁধে মারপিট করে। পরে স্থানীয়রা ছুটে এলে আব্দুর রহমান গংরা বসত বাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হকবলেন,আহতদের অধিকাংশেই মাথায় ও বুকে রক্তাক্ত জখম হয়েছে। তবে আশঙ্কামুক্ত হলেও সুস্থ হতে সময় লাগবে।
আদিতমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আকতার হোসেন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





