টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সন্ধ্যায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হচ্ছে মধুপুর উপজেলার পূর্বজটাবাড়ি গ্রামের লাবলু মিয়া ও জুলহাস উদ্দিন। মামলার অপর দুই আসামি সিফাত ও নাজিম বেকসুর খালাস পেয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, বিগত ২০১২ সালের ১৫ মে সন্ধ্যায় মধুপুর উপজেলার টেঙ্গরী গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রবেশ করে। এসময় দণ্ডিতরা আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।
এ অবস্থায় মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলাটি তদন্তের পর্যায়ে ডিএনএ টেস্টে দণ্ডিতদের একজনের মাধ্যমে মেয়েটি গর্ভবতী হয় বলে প্রমাণ পাওয়া যায়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি একেএম নাসিমুল আক্তার এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন একেএম শামীমুল আক্তার।
এমএম





