গণজাগরণ মঞ্চ পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আগ পর্যন্ত এ মঞ্চের ব্যানার ব্যবহার না করতে সবাইকে আহ্বান জানিয়েছে দেশের ৩৩টি সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন।
বৃহস্পতিবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি সামসুল ইসলাম বলেন, ‘গণজাগরণ মঞ্চ লাখো মানুষের মঞ্চ। কেউ এ মঞ্চের ব্যক্তিগত মালিকানা দাবি করে কোনো আন্দোলন করতে পারবেন না। যতদিন পর্যন্ত মঞ্চ ঐক্যবদ্ধ না হয়, ততদিন এ মহত নামটি কেউ ব্যবহার করবেন না।’
বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমরা লক্ষ্য করছি, মঞ্চ বিভক্তির পর থেকে বিভিন্ন পক্ষ রাজনৈতিক সংগঠনগুলোর মতো আচরণ করছে। পরস্পরকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দিয়ে নোংরামি চালিয়ে যাচ্ছে। এসব সমস্যার উত্তরণ প্রয়োজন।’
শুরু থেকে মঞ্চের সঙ্গে যুক্ত সব সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বিভক্তির সুযোগ নিয়ে স্বাধীনতাবিরোধী শক্তি আরও সহিংসতা চালাতে পারে।
[b]ঢাকা, জেইউ, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]