বরিশালের বানারীপাড়া উপজেলায় ভাড়াটিয়ার তিন বছর বয়সী শিশুর কান্নায় বিরক্ত হয়ে বাড়িওয়ালার স্ত্রী তাকে ‘আছাড় দিয়ে’ হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক বাদলা মৃধার স্ত্রী নূপুর বেগম পলাতক রয়েছেন।
নিহত শিশু হাফিজুরের বাবা রিপন একজন রিকশা চালক। বানারীপাড়া পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকার ওই বাড়িতে তারা ভাড়া থাকেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের ঘরে কাঁদছিল শিশু হাফিজুর। কান্নার শব্দে ক্ষিপ্ত হয়ে নূপুর এসে তাকে আছাড় দিলে বুক ও মাথায় আঘাত লাগে। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।
অর্থিক সঙ্কটের কারণে রিপন তার ছেলেকে ঢাকায় নিতে না পেরে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, নূপুর বেগমকে আটকের চেষ্টা চলছে।
এআই





