বান্দরবানে ছেলেধরা সন্দেহে রোকেয়া আক্তার (১৮) নামে এক রোহিঙ্গা তরুণীকে গণপিটুনি দিয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে সদরের বালাঘাটা বাজারে এই ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করে ওই তরুণী বাজারের মধ্যে দৌঁড়ে যাওয়ার সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাকে আটক করে পিটুনী দেয়। পরে পু‌লিশে খবর দি‌লে তারা এসে রোকেয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র ওই রোহিঙ্গা তরুণীকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বান্দরবানে নিয়ে এসে ছে‌লেধরা প্রমাণ করতে বালাঘাটা বাজারে ব্যাপক মারধর করে।

সদর থানার পুলিশ খবর পে‌য়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ওসি।

এমবি