ভোটকেন্দ্রে যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন নগর পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল। কোন অবস্থাতেই ভোটকেন্দ্রে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবেনা বলেও তিনি ‍জানান।

সোমবার সকালে নগর দামপাড়া পুলিশ লাইনে সাংবাদিকদের তিনি একথা জানান।

নির্বাচনে দায়িত্ব পাওয়া পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ কমিশনার।

নির্বাচন সুষ্ঠুভাবে করাটাকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোন চ্যালেঞ্জ মনে করছিনা। কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’

তিনি বলেন, ‘যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা, জোর করে ভোটকেন্দ্রে ঢুকে ভোট দেয়া, এসব বিষয় ঘটলে আমরা সেটা প্রতিহত করব।’

এর আগে পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে মন্ডল বলেন, আপনার ঈমানদারিত্ব এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেবেন না।’

তিনি বলেন, বহিরাগতরা কেন্দ্রে ঢুকে অরাজকতা সৃষ্টি করতে চাইলে প্রিজাইডিং অফিসারের নির্দেশমত কাজ করবেন। উদ্ভূত পরিস্থিতি দ্রুত সিনিয়র অফিসারদের জানাবেন। তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন।’

তিনি পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভয়ের কোন কারণ নেই।’

পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে রিটানিং অফিসার মো.আব্দুল বাতেনও বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান এবং অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার। নগর পুলিশের উপ কমিশনার, অতিরিক্ত উপ কমিশনার এবং সহকারি কমিশনার পদমর্যাদার কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

জেআই