সিলেটের মিরের ময়দান এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মনোয়ারা বেগম (৪৫) ও তার মেয়ে জাহিদা সুলতানা (২০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাদের মৃত্যু হয়।

নিহতদের নিকটাত্মীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর সেতু তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনোয়ারা সিলেটের ওসমানীনগর উপজেলার মঙ্গলপুর গ্রামের সৈয়দ আবু বকর সিদ্দিকীর স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে লোডশেডিং চলা অবস্থায় জাহিদা সুলতানা মোমবাতি হাতে বাথরুমে যান। বাথরুমের কমোডের ঢাকনা তোলার পরপরই প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়।

আগুনের কবল থেকে জাহিদাকে বাঁচাতে গিয়ে মা মনোয়ারা বেগমও অগ্নিদগ্ধ হন। আগুনে তাদের শরীরের ৬০ ভাগ পুড়ে যায়।

প্রথমে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এআর