জঙ্গিবাদ ঠেকাতে সদা সতর্ক থাকার উপর জোর দিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। শনিবার নারায়ণগঞ্জের নগর ভবনে মেয়র সেলিনা হায়াত আইভীর সঙ্গে দেখা করেন বার্নিকাট।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জঙ্গিবাদ দমন হয়ে গেছে মনে করে বসে থাকলে চলবে না। আমাদের সব সময় সর্তক থাকতে হবে। সাবধানতার সঙ্গে সব কিছুতে নজর রাখতে হবে।”
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ আমেরিকা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
“পৃথিবীর যে কোনো দেশেই সন্ত্রাস দমনের বিষয়টি খুব কঠিন। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ও সাহসিকতার সঙ্গে এটি সামাল দিচ্ছে।”
ঢাকার দুই মেয়রের সঙ্গে সাক্ষাতের ধারাবাহিকতায় বার্নিকাট নারায়ণঞ্জে আসেন বলে মেয়র আইভী সাংবাদিকদের জানিয়েছেন।
সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওবায়দুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব এবং মার্কিন দুতাবাসের রাজনৈতিক ও তথ্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এফএফ





