ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা থেকে বোরহান উদ্দিন (৩২) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় গোলাবাড়ি গ্রামের কাজা-গোলাবাড়ি সড়কের ব্রিজ এলাকা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত বোরহান উদ্দিন গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের কোণাপাড়া আমতলী জামে মসজিদের ইমাম এবং গোলাবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, রোববার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করে। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দুপুরে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, অপরাধীদের কোনো ঘটনা দেখে ফেলায় ইমাম খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তপূর্বক এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমকে





