শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের শরীয়তপুর ফেরিঘাটের পন্টুন ভেঙে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পারের অপেক্ষায় ঘাটে আটকা পড়েছে অন্তত ৪ শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস।

শুক্রবার রাতে ফেরিতে গাড়ি ওঠার সময় হঠাৎ পন্টুনের স্প্রিং ভেঙে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

শরীয়তপুর ঘাট সুপারভাইজার ইকবার হোসেন খান জানান, ফেরিতে গাড়ি ওঠার সময় পন্টুনের স্প্রিং ভেঙে হেলে পড়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখনো পন্টুন মেরামতের কাজ শুরু হয়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির শরীয়তপুর ঘাট সুপারেন্টেন্ডেন্ট আলাউদ্দিন মিয়া জানান, দ্রুত মেরামত করে ঘাট সচল করা হবে।

এদিকে, ফেরি বন্ধ থাকায় ঘাটে যাত্রীবাহী বাস আটকা পড়ায় বিপাকে পড়েছেন নারী ও শিশুরা। এছাড়া পণ্যবাহী ট্রাকে কাঁচামাল, সবজি, মাছ, গরুসহ নিত্যপণ্য থাকায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন পণ্য মালিকরা।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ