রাজধানীর দক্ষিণখান চাঁদনগর প্রথম গলিতে তিতাস গ্যাস কোম্পানির ভূগর্ভস্থ পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে।
শনিবার দিনগত রাত থেকে গ্যাসের পাইপ ফেটে বিপজ্জনক গ্যাস নির্গমন হলেও কর্তৃপক্ষের কেউ এখনও সেখানে যাননি।
বিষয়টি তিতাসের মতিঝিল এমারজেন্সি অফিসে জানানোর পরও তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। এ অবস্থায় সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গ্যাস নির্গমনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন এ থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে চাঁদনগর প্রথম গলির এক বাড়িওয়ালা খলিলুর রহমান বলেন, আমার বাসার সামনের রাস্তায় গ্যাস পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে। ভোরে এ বিষয়ে অভিযোগ (তিতাস মতিঝিল অফিস ফোন নম্বর- ০২-৯৫৬৩৬৬৭) করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এতে আমরা ভয়ে আছি।
এ বিষয়ে তিতাস মতিঝিল এমারজেন্স অফিসের কর্মচারী মোশাররফ বলেন, এ ধরনের অভিযোগ জেনেছি তবে এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ কল আছে। অনেক সময় দুই-একদিন পরও লাইন ঠিক করা হয়, পর্যায়ক্রমে কাজটি করা হবে।
এসএইচ





