ঢাকায় যেসব গরুর হাট নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে, ওই সব গরুর হাট বন্ধ করে দেওয়া হবে। যেন আগামী কুরবানির ঈদে কোনো ঝামেলা না বাধে। এ ছাড়া ঢাকা শহরে কোনো অবৈধ গরুর হাট বসবে না। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তার মধ্যেও কোনো হাট বসবে না।

সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদপূর্ববর্তী আইনশৃঙ্খলা বিষয়ে সংবাদ সম্মেলনে আইজিপি এ কে এম শহীদুল হক এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ঢাকা শহরে দুই সিটি করপোরেশনের মোট ২৩টির মতো জায়গায় নিরাপদভাবে গরুর হাট বসবে। এ ছাড়া রাস্তায় কিংবা অবৈধভাবে কোনো গরুর হাট বসবে না। গরুর হাট কেন্দ্রীক কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না।

 তিনি আরো বলেন, গরু ব্যবসায়ীরা ঝামেলা এড়াতে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবেন। কোনো কারণে বড় অংকের টাকা লেনদেন করতে ব্যাংকের সহযোগিতা না পেলে পুলিশের সহযোগিতায় টাকা বহন করতে পারবেন। এ জন্য প্রত্যেক হাটে পুলিশ ক্যাম্প ও নিরাপত্তা ক্যাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে।

আইজিপি বলেন, প্রত্যেক বছর গরুর হাটকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে হানাহানি হয়। নিহতের ঘটনা পর্যন্ত ঘটে। এবার ওই সব ঝামেলা এড়াতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যাপারে দুই মেয়র যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন। তারাও একমত হয়েছেন, অবৈধভাবে এবং রাস্তায় কোনো গরুর হাট বসবে না।

জেআই